২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে লঞ্চটিকেট বিক্রি ১৫ অক্টোবর থেকে

কোরবানীর ঈদ সামনে রেখে আগামী ১৫ অক্টোবর থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানীর ঈদ সামনে রেখে আগামী ১৫ অক্টোবর থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। বৃহস্পতিবার নৌ-মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয় জানিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, এবার টিকেটেরে দাম বাড়ানো হবে না বলে লঞ্চ মালিকরা আশ্বস্ত করেছেন। তিনি বলেন, “ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত রমজানের ঈদের মতো এবারও সবার সুবিধার জন্য তৈরি পোশাক শিল্পের কর্মী ও অন্যদের পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করতে পোশাক শিল্প মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।” পশুর হাটের কারণে রাজধানীর প্রবেশ ও বাইরে যাওয়ার পথে যে যানজট সৃষ্টি হয় তা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া ঈদের দিনসহ আগের ও পরের তিনদিন করে মোট সাতদিন অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া ফেরি পারাপার না করতে ট্রাক মালিকদের প্রতি আহ্বান জানান শাজাহান খান। তিনি বলেন, এ সময় ফেরিতে যাত্রীবাহী যানবাহন পারাপারের সুবিধার জন্য সাতদিন পঁচনশীল পণ্য ছাড়া ট্রাক চলাচল করবে না। তবে কোরবানীর পশুবাহী ট্রাককে অগ্রাধিকার দেওয়া হবে। অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদারককারী দল সদরঘাটে দায়িত্ব পালন করবে জানিয়ে নৌমন্ত্রী বলেন, ঈদের সময় কোনোভাবেই অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেওয়া হবেনা। টিকেট কালোবাজারি যাতে না হয় সেজন্য মালিকদের ব্যবস্থা নিতেও বলা হয়েছে জানিয়ে শাজাহান খান বলেন, “এবার ছুটি কম থাকায় ঈদে একসঙ্গে বেশি যাত্রী যাতায়াতের সম্ভাবনা রয়েছে। নৌপথে যাত্রীরা যাতে নির্বিঘেœ বাড়ি যেতে পারে সেজন্য সব ব্যবস্থা নেব আমরা।” যাত্রী পরিবহনে ৯৫ শতাংশ নৌযান ব্যক্তিমালিকানাধীন জানিয়ে মন্ত্রী বলেন, সব লঞ্চই ঈদের সময় প্রতিদিন একবারের পরিবর্তে দুইবার ট্রিপ দেবে। বিআইডব্লিউটিসি তাদের একটিমাত্র জাহাজের মাধ্যমে যাত্রী পরিবহন করবে। ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে নতুন কোন লঞ্চ যুক্ত হবেনা। সদরঘাট যাওয়ার পথে নয়াবাজার গরুর হাটটি যাতে আগামী বছর বসানো না হয় সেজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান শাজাহান খান। তিনি বলেন, নয়াবাজার ও মিরপুরসহ ঢাকায় ঢোকার ও বের হওয়ার পথের পাশে বসানো গরুর হাট যাতে রাস্তায় না আসে সেজন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা রোধে নৌপথে বয়াবাতির সঙ্গে লাল-সবুজ ড্রাম দিয়ে চ্যানেল নির্ধারণ করে দেওয়া হয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, এতে দুর্ঘটনা কমবে। সব নৌপথে এ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। নৌমন্ত্রী আরো জানান, প্রথমবারের মতো মাওয়া, কাওড়াকান্দি, পাটুরিয়া ও দৌলতদিয়াসহ কয়েকটি ফেরিঘাটে র‌্যাকার (যানবাহন টেনে নেওয়ার বিশেষ যান) সরবরাহ করা হবে। সভায় অন্যদের মধ্যে নৌ সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বিআইডব্লিউটি চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মজিবর রহমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম, লঞ্চ মালিক সমিতির সভাপতি কেএম মাহমুদুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার জ্যেষ্ঠ সহ-সভাপতি বদিউজ্জামান বাদলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধি, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/আরএ/১৭৫৭ ঘ.