২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরহাদ খান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

সাংবাদিক ফরহাদ খান ও তার স্ত্রীকে হত্যার দায়ে ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদ ওসানকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ফরহাদ খান ও তার স্ত্রী হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃতুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদ ওসান। ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। গত বছরের ২৮ জানুয়ারি বিকালে রাজধানীর ৭৭ নয়া পল্টনের বাসার দ্বিতীয় তলার শয়নকক্ষে দৈনিক জনতার জ্যেষ্ঠ সহসম্পাদক ফরহাদ খান ও তার স্ত্রী রাহিমা খাতুনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফরহাদের ছোট ভাই ‘বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদনা সহকারী আবদুস সামাদ খান বাদি হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ফরহাদের ভাগ্নে ইয়নকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে ইমনের দেয়া জবানবন্দির ওপর ভিত্তি করে তার বন্ধু রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে রাজুও হত্যার দায় স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দি দেন। এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান বলেন, ‘বখাটে’ ইমন তার মামা-মামীর কাছে টাকা চেয়ে প্রত্যাখ্যাত হয়ে ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটায়। গ্রেপ্তারের পর আসামিদের কাছ থেকে ফরহাদের মোবাইল ফোন, স্বর্নালঙ্কার ও টাকা উদ্ধার করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ৩৩ জনের সাক্ষ্য নেয়া হয়। যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক গত ৭ অক্টোবর এ মামলায় শুনানির দিন রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৩১০ ঘ.