ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ থাকায় বৃহস্পতিবার দুপুরে ঢাকার আদালতে হাজির হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
তবে তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করায় এ মামলায় অভিযোগ গঠন আরো পিছিয়ে যেতে পারে।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়া বেলা ১১টার দিকে গুলশান থেকে পুরান ঢাকার আদালতপাড়ার দিকে রওনা হবেন। বেলা ১২টার দিকে তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, এ মামলার বিষয়ে তাদের একটি আবেদন সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। এ বিষয়টি জানিয়ে সকালে ঢাকার বিশেষ জজ আদালতে সময়ের আবেদন করা হয়েছে।
এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য এর আগে বেশ কয়েকবার তারিখ রাখা হলেও খালেদা জিয়া হাজির না হওয়ায় শুনানি হয়নি। এই প্রেক্ষাপটে গত ১৩ সেপ্টেম্বর ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন বলেন, আসামি পক্ষ বারবার ‘মিথ্যা তথ্য’ দিয়ে বিচার কার্যক্রম বিলম্বিত করছে।
এরপর আসামিপক্ষের আইনজীবীরা খালেদা জিয়াকে নির্ধারিত তারিখে আদালতে হাজির করার লিখিত প্রতিশ্রুতি দিলে শুনানির জন্য ১১ অক্টোবর দিন রাখেন বিচারক।
জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা দায়ের করে। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ ২০১০ সালের ৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
এ মামলার অন্য আসামিদের মধ্যে মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে রয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান শুরু থেকেই পলাতক।
এছাড়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৮ সালে উচ্চ আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পর আর ফেরেননি।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে একটি দুর্নীতি মামলায় হাজিরা দিতে প্রথমবারের মতো পুরান ঢাকার মহানগর বিশেষ দায়রা আদালতে হাজির হয়েছিলেন খালেদা জিয়া। এরপর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছিল বিএনপি চেয়ারপার্সনকে।
বর্তমান সরকারের সময়ে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যান খালেদা জিয়া। এরপর ২০১১ সালের ১৭ জানুয়ারি আদালতে যান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিননামা দাখিল করতে।
সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালত পাড়ায় এসেছিলেন বিরোধী দলীয় নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/পিবি/জেকে/১১৪৫ ঘ.
bdnews24