২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যা, লাশ সেপটিক ট্যাংকে

পারিবারিক বিরোধের জেরে সিরাজগঞ্জে এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে ও পুড়িয়ে হত্যার পর তার লাশ লুকিয়ে রাখা হয় সেপটিক ট্যাংকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক বিরোধের জেরে সিরাজগঞ্জে এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে ও পুড়িয়ে হত্যার পর তার লাশ লুকিয়ে রাখা হয় সেপটিক ট্যাংকে। বুধবার বিকালে পুলিশ ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইউপি সদস্যসহ তিন জনকে আটক করেছে পুলিশ। নিহত আরমান আলী (১১) কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের মালয়শিয়া প্রবাসী মোকাদ্দেস আলীর ছেলে। আরমান মা আরজিনা খাতুনের সঙ্গে তার মামার বাড়ি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে থাকত। সে বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। গত ৩ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ ছিল। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাকের সাংবাদিকদের বলেন, আরমানের মায়ের মঙ্গে তার ভাবী রাশিদা খাতুনের পারিবারিক বিরোধ ছিল। এর জের ধরেই গত ৩ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে আরমানকে রাশিদা লোক দিয়ে অপহরণ করায়। রাশিদার স্বামী আলী আকবরও মালয়শিয়া প্রবাসী। “দুদিন পর তাকে শ্বাসরোধ করে ও পুড়িয়ে হত্যা করে লাশ ইউপি সদস্য চয়েস আলীর বাড়ির পিছনে টয়রেটের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেয়।” এ ঘটনায় আরমানের মা অপহরণের মামলা করেন। বুধবার ভোরে মামলার আসামি রাশিদাকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রাশিদা লাশের সন্ধান দেয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাকের। তিনি আরো বলেন, এ হত্যাকা-ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য চয়েস আলী (৫৬), এলাকার মৃত নবী সেখের ছেলে বাবলু সেখ (৩৬) ও ফরিদ সেখের ছেলে লিটনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৩৩ ঘ.