ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িত আটজনকে সনাক্ত করার তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী জানানোর পর সাংবাদিক নেতাদের বিরুদ্ধে করা মামলাটি তুলে নিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।
এই হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সাংবাদিক সংগঠনগুলোর সমালোচনার মুখে থাকা মাহফুজ গত ১০ সেপ্টেম্বর সাংবাদিক নেতা ও গণমাধ্যম সম্পাদকসহ ৫৯ জনকে বিবাদী করে ঢাকার আদালতে মামলা করেন।
এর তিন দিন পর মামলায় বিবাদীর তালিকা থেকে গণমাধ্যমের সম্পাদকদের বাদ দেন তিনি। এরপর জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং আট সাংবাদিক নেতা বিবাদীর তালিকায় থাকেন।
মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে পুরো মামলাটিই প্রত্যাহারের আবেদন করেন মাহফুজ।
আদালতের পেশকার আতাউর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহফুজুর রহমানের পক্ষে এটিএন বাংলার কর্মকর্তা মনিরুজ্জামান মনির মামলা প্রত্যাহারের আবেদন করলে বিচারক ফজলে এলাহী ভূঁইয়া সে আবেদন মঞ্জুর করেন।
মাহফুজুর রহমানের আবেদন করার দিনই স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের জানান, সাগর-রুনি হত্যামামলায় আটজনকে সনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত চলাকালে লন্ডনে এক অনুষ্ঠানে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে আন্দোলনরত সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভের মুখে পড়েন মাহফুজ, তাকে গ্রেপ্তারের দাবিও ওঠে।
সাংবাদিকদের ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে একটি কর্মসূচিতে মাহফুজকে গ্রেপ্তারের দাবি তোলা হলে তা নিয়ে এটিএন বাংলার কয়েকজন সাংবাদিকের সঙ্গে সাংবাদিক নেতাদের ধস্তাধস্তিও হয়।
এর কয়েক মাস পর আদালতে মামলা করেন মাহফুজ, এতে তাকে জড়িয়ে সাংবাদিকদের সমাবেশ, সংবাদ ও বিবৃতি প্রকাশকে বেআইনি ঘোষণার আদেশ চাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24