২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধ বিহারে হামলা: গণতদন্ত কমিশন চান ড. কামাল

বৌদ্ধ বিহারের হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে ‘গণতদন্ত কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ বিহারের হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে ‘গণতদন্ত কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। ড. কামাল বলেন, “একটি অশুভ শক্তি শত শত বছরে পুরনো বৌদ্ধ বিহারের হামলার ঘটনা ঘটিয়েছে। এদের চিহ্নিত করতে ঘটনার গভীরে গিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এজন্য একটি গণতদন্ত কমিশন গঠন করা জরুরি।” জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকে গণফোরাম। গত ৭ অক্টোবর দলের সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রামুর ঘটনাস্থল পরিদর্শন করে সরেজমিনে তদন্ত করে। প্রত্যক্ষদর্শীদের মতামতও নেয় তারা। রামুর ঘটনাস্থল পরিদর্শনের কথা তুলে ধরে কামাল হোসেন বলেন, “কক্সবাজার থেকে রামুর দূরত্ব ২৫ মিনিটের। এই পথে বিভিন্নস্থানে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর ছাউনি রয়েছে। ওইদিনের হামলার ঘটনার পরও সেখানে তিন ঘণ্টা পরে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী এসেছে, তা খুঁজে বের করতে হবে।” ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে সুপ্রিম কোর্টের প্রবীণ এই আইনজীবী বলেন, “আমি কাউকে দোষারোপ করতে চাই না। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এরকম ঘটনার কথা ভিক্ষুরা আগেভাগে জানানোর পরও কেন পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর এই ব্যাপারে নীরব ছিল?” এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। ঘটনার পরদিন ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের রামু পরিদর্শনের পরও সেখানে কেন দ্বিতীয় দফা হামলা হলো- প্রশ্ন রেখে ড. কামাল বলেন, “আামি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, আপনি একসময়ে প্রশাসনের বিভিন্ন দায়িত্ব ছিলেন। জেলা প্রশাসক ছিলেন। রামুর ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের নেয়া ব্যবস্থা নিয়ে আপনি সন্তুষ্ট কি না, বলুন?” সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সভাপতিম-লীর সদস্য সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম কামাল, জগলুল হায়দার আসিফ, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ ও সাংবাদিক আবুল মকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৮৪২ ঘ.