২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা

নরসিংদীর মনোহরদীতে সহকারী ভূমি কমিশনারকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নয় নেতাকর্মীর নামে দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 03:50 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

নরসিংদী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদীতে সহকারী ভূমি কমিশনারকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নয় নেতাকর্মীর নামে দুটি মামলা হয়েছে। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আসাদুজ্জামান ও শুকুন্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দুটি করেন। বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দেয়ায় বুধবার আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে প্রায় ২০/২৫ জন নেতাকর্মী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফ্লোরা বিলকিস জাহানের অফিসে গিয়ে তাকে লাঞ্ছিত ও বদলির হুমকি দেন। এ সময় তারা বিলকিস জাহানকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম সহকারী কমিশনারকে উদ্ধার করে তার কার্যালয়ে নিয়ে যান। দুটি মামলার মধ্যে প্রথমটি দ্রুত বিচার আইনে করা হয়েছে। এ মামলার আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় পাঁচকান্দী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান রঙ্গু, মাসুদ মিয়া, আসাদ মিয়া, বাছেদ মিয়া, বজলুর রহমান বজলু, মো. তারেক, শফিকুল ইসলাম বাদল, আল এমরান ভূইয়া ও মো. মনির হোসেন। অপর মামলায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে আসাদ মিয়াকে। মনোহরদী থানার ওসি মাহবুবুর রহমান জানান, মামলাদুটি থানায় নথিভুক্ত হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। গত মঙ্গলবার উপজেলার শুকন্দী ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২২ ঘ.