ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকারীদের গ্রেপ্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘অস্পষ্ট’ ও ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন সাংবাদিক নেতারা।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বৈঠক শেষে মন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।
সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত ওই বৈঠকে সাংবাদিকদের চার সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইকবাল সোবহান বলেন, “সাংবাদিক নেতারা মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনেকাংশে অস্পষ্ট ও বিভ্রান্তিকর। এ বক্তব্যে হত্যা রহস্যের জট খোলেনি। নেতৃবৃন্দ আশা করছে, সাগর-রুনির প্রকৃত খুনিরা দ্রুততম সময়ের মধ্যে সনাক্ত হবে।”
পাশাপাশি বিশ্বাসযোগ্য ‘মোটিভের’ সন্ধান পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
ঘটনার প্রায় আট মাসের মাথায় মঙ্গলার ওই ঘটনায় জড়িত সন্দেহভাজন সাতজনকে ‘সনাক্তের’ পর গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গ্রেপ্তার সাতজনের মধ্যে সাংবাদিক দম্পতির পারিবারিক বন্ধু তানভীর ছাড়াও তাদের বাড়ির এক পাহারাদার রয়েছেন।
বাকি পাঁচজন হলেন ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি।
হত্যারহস্য উদ্ঘাটনে র্যাব ডিএনএ নমুনা পরীক্ষা করছে এবং তাতে পাওয়া ফলাফলে নতুন কেউ চিহ্নিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী।
বৈঠকে হওয়া সিদ্ধান্তের বিষয়ে ইকবাল সোবহান জানান, ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের সিদ্ধান্ত হল, সাগর-রুনি হত্যা রহস্যের জট উন্মোচন, দেশজুড়ে সাংবাদিক হত্যা, নিপীড়ন বন্ধ, সকল সাংবাদিক হত্যার বিচার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে।
আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় ঐক্যবদ্ধ সাংবাদিক সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বিএফইউজের এই নেতা।
এ ছাড়া সাগর-রুনি হত্যাকাণ্ডের আট মাস পূর্তিতে ১১ অক্টোবর সকাল ১১টায় তাদের স্মরণে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভার কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএফইউজে’র একাংশের সভাপতি রুহুল আমীন গাজী, দুই অংশের মহাসচিব আব্দুল জলিল ভূইয়া ও শওকত মাহমুদ, ডিইউজের দুই অংশের সভাপতি আব্দুস শহীদ ও ওমর ফারুক, দুই অংশের সাধারণ সম্পাদক মো. বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাত আলম খান তপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৭০৫ ঘ.
bdnews24