২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক চেয়ারম্যানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম শিশির বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন। আইনের কোন ‘কর্তৃত্ব বলে’ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ওই পদে রয়েছেন এবং তাকে কেন ওই পদের অযোগ্য ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আবেদন করেছেন তিনি। সেইসঙ্গে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১০(৩) ধারা কেন সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না, আবেদনে এই মর্মে রুল জারির আর্জিও জানানো হয়। রুল বিবেচনাধীন থাকা অবস্থায় কমিশনের চেয়ারম্যান হিসাবে গোলাম রহমানের কার্যক্রম পরিচালনার উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও চাওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১০(৩) ধারায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের একজন বিচারক যেরূপ কারণ ও পদ্ধতিতে অপসারিত হতে পারেন, সেইরূপ কারণ ও পদ্ধতি ছাড়া কোনো কমিশনারকে অপসারণ করা যাবে না৷ রিটকারীর আইনজীবী মো. কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিয়ন-চাপরাশি-ড্রাইভারের কথায় বিচার হয় না- এমন মন্তব্য করে গোলাম রহমান নিরপেক্ষতা হারিয়েছেন। এর মাধ্যমে তিনি সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন।” দুদক চেয়ারম্যান বিভিন্ন সময়ে দুর্নীতিবাজদের পক্ষে কথা বলেছেন বলেও অভিযোগ করেন এই আইনজীবী। আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, রাষ্ট্রপতির সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান এবং দুর্নীতি দমন কমিশনের সচিবকে রিট আবেদনে বিবাদী করা হয়। রিট আবেদনে বলা হয়, স¤প্রতি দুদক চেয়ারম্যান বলেছেন, “পিয়ন-চাপরাশি-ড্রাইভারের কথায় বিচার হয় না।” তার এই বক্তব্য গত ৮ অক্টোবর দৈনিক আমার দেশসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। “দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের ওই মন্তব্যে দুর্নীতিগ্রস্ত মানুষ উৎসাহিত হবে। এর মাধ্যমে তিনি উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণীর মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছেন, যা তাকে ওই পদের অযোগ্য করে দিয়েছে।” রিট আবেদনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারের অবস্থান ও মর্যাদা হাই কোর্টের বিচারকদের সমান নয়। হাই কোর্টের বিচারকরা সংবিধান অনুসারে নিয়োগ লাভ করে থাকেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের কমিশনাররা দুর্নীতি দমন আইনের মাধ্যমে নিয়োগ লাভ করে। “সাক্ষ্য আইন অনুসারে ঘটনা, অভিযোগ বা কার্যক্রম সম্পর্কে যার জ্ঞান আছে, অবস্থান যাই হোক না কেন তিনি সাক্ষ্য দিতে পারবেন। কিন্তু দুদক চেয়ারম্যান তার জন্য আইনগতভাবে বাধ্যতামূলক এই ধারাটি এড়িয়ে গেছেন। এ কারণে তিনি এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। “এ কারণে ওই পদে থাকার কর্তৃত্বের ব্যাখ্যা জানতে চেয়ে হাই কোর্টের রুল জারি করা প্রয়োজন। তিনি এমন ব্যক্তির পক্ষে কথা বলেছেন, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। এর মাধ্যমে তিনি মূলত দুর্নীতিকেই সমর্থন করছেন।” এক প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম শিশির দাবি করেন, তার বিরুদ্ধে দুদকের কোনো অভিযোগ ছিল না বা বর্তমানেও নেই। জনস্বার্থে তিনি এই রিট আবেদনটি দায়ের করেছেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/এইচএ/১৮৩১ ঘ.