সিলেট, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবেরোধ করেছে বিক্ষুদ্ধ জনতা।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাহী ঈদগাহ এলাকার আল্লাহু পয়েন্টে টিলাগড়-আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করে স্থানীয়রা বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী।
তিনি জানান, বিদ্যুৎ না থাকায় কিছু লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে স্থানীয় কাউন্সিলর বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে ওই এলাকায় দ্রুত বিদুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
বিক্ষোভকারীরা জানান, সোমবার রাতে বিদ্যুতের লোড শেডিংয়ের সময় একই সঙ্গে নগরীর তিনটি এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়। এরপর থেকে শাহী ঈদগাহ, হাউজিং এস্টেট, আম্বরখানা বড়বাজার, ফরিদবাগ, হাউজিং এস্টেটের একাংশ, শুভেচ্ছা ও জালালাবাদ আবাসিক এলাকায় বিদ্যুৎ নেই।
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাউর ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।
একই দাবিতে মঙ্গলবার রাতে হাউজিং এস্টেট এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক ও মেজরটিলা এলাকায় সিলেট-তামাবিল-জাফলং সড়ক অবরোধ করে এলাকাবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৫০ ঘ.
bdnews24