গাজীপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
টঙ্গীর চেরাগ আলীতে সিটি করপোরেশন বাস্তবায়ন কমিটির এ কর্মসূচি চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানজটের সৃষ্টি হয়।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, সকাল ১০টার দিকে এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে। পরে তারা সড়কে অবস্থান নিলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে সাড়ে ১১টার দিকে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচলা স্বাভাবিক হয় বলে জানায় পুলিশ।
মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, রুহুন নেছা রুনা প্রমুখ।
বক্তারা অবিলম্বে গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়নের দাবি জানান।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, জেলা প্রশাসন সব কার্যক্রম শেষ করার পর বিষয়টি এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
হাই কোর্টে রিট
এদিকে কয়েকজন ইউপি চেয়ারম্যানের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণায় কেন বিবাদীকে নির্দেশনা দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
চার সপ্তাহের মধ্যে বিবাদী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, উপসচিব (পৌর), সহকারী সচিব (পৌর), ঢাকা বিভাগীয় কমিশনার, গাজীপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
সদরের বাসন, কাউলতিয়া, কাশিমপুর ও পূবাইল ইউনিয়নের চেয়ারম্যানরা তাদের ইউনিয়নগুলোকে বাদ দিয়ে গাজীপুর সিটি করপোরেশন বাস্তবায়নের দাবি জানিয়ে রিট আবেদন করেন।
কাউলতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, প্রস্তাবিত গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়নের পূর্ব প্রস্তুতি হিসেবে ওই চার ইউনিয়নকে গাজীপুর পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হলেও গাজীপুর সিটি কর্পোরেশনের গেজেট চূড়ান্ত হচ্ছে না।
ফলে গাজীপুর পৌরসভা ও ওইসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতেই তারা ওই রিট করেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১২৫ ঘ.
bdnews24