২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপ্রতিনিধিত্ব আদেশের ৬ ধারা সংশোধন নিয়ে প্রশ্ন আদালতের

গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) আইন-২০০৯ এর ছয়টি ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) আইন-২০০৯ এর ছয়টি ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ রুল জারি করে। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের ছয়টি ধারায় বলা হয়েছে, সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর তিন বছর পার না হলে নির্বাচনে অংশ নেয়া যাবে না, দলীয় প্রার্থী হতে হলে অন্তত তিন বছর নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য হতে হবে, স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে নির্বাচনী এলাকার ন্যূনতম এক শতাংশ ভোটারের লিখিত সমর্থন থাকতে হবে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এসব নতুন শর্ত যোগ করা হয়। সংশোধিত ওই ধারাগুলো সংবিধানের ৬৬(১), ৬৬(২) ও ১৪২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে সকালে সাবেক অতিরিক্ত সচিব আবদুল হাই রিট আবেদনটি করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন ইমতিয়াজ ফারুক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনালের আল আমিন সরকার। ব্যারিস্টার ইমতিয়াজ সাংবাদিকদের বলেন, “সংবিধানের ৬৬(১) ও ৬৬(২) অনুচ্ছেদে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা-অযোগ্যতাগুলো বলা আছে। ৬ ধারা এই দুটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ সংশোধন ছাড়া কোনো আইন দিয়ে সংবিধানে থাকা শর্তগুলোর সঙ্গে নতুন শর্ত যুক্ত করা যাবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১৩৬ ঘ.