মুন্সীগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ু দূষণের দায়ে আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিকে ২৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই জরিমানা করেন।
একই সঙ্গে কারখানার ব্যবস্থাপনা পরিচালককে আগামী ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন ও উন্নয়ন এনে বায়ু দূষণের মাত্রা সহনীয় মাত্রায় নামিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে।
মুন্সীগঞ্জের মুক্তারপুরে ধলেশ্বরী তীরে শাহ সিমেন্টের এই কারখানাটি অবস্থিত।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর কারখানাটিতে পরিবেশ অধিদপ্তরের একটি টিম বায়ুমান পরীক্ষা করে এসপিএম (সাসপেন্ডেন্ড পার্টিকুলার মেটার) ৬১৪ মাইক্রোগ্রাম/ ঘনমিটার পায়।
তবে আদর্শ মাত্রা ২০০ মাইক্রোগ্রাম/ ঘনমিটার।
এ অবস্থায় শ্রমিক ও নৌযাত্রীদের স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করে প্রতিষ্ঠানটিকে ওই অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৫৩ ঘ.
bdnews24