২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলসহ আটক পুলিশ সদস্য রিমান্ডে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় এক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে চার দিনের হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় এক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে চার দিনের হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম হারুন অর রশীদ মঙ্গলবার এ আদেশ দেন। এ মামলার তদন্ত কর্মকর্তা ও সবুজবাগ থানার উপ-পরিদর্শক এনায়েত করিম পুলিশ কনস্টেবল কাশেম আলীকে জিজ্ঞাসাবাদে আট দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সবুজবাগ থানার উপ-পরিদর্শক এনায়েত বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেছিলেন। মামলার এজহারে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসাবোর হারুন হোটেলে সামনে পুলিশের নীল রঙয়ের গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ-০২-২১৪৬) তিন ব্যক্তিকে দেখতে পান বাদী এনায়েত। এ সময় তিনি গাড়ির কাছাকাছি গেলে দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এ সময় আসামি কাসেম আলী গাড়িটি দ্রুত পিছনে নিতে গিয়ে শ্যামলী পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়িতে থাকা পাঁচশ’ ৮২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। ফেনসিডিলসহ আটকের সময় ওই কনস্টেবলের পরনে পুলিশের পোশাক ছিল বলেও মামলায় উল্লেখ করা হয়। আসামি কাসেমের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৮৩৯ ঘ.