রংপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর নগরীতে মঙ্গলবার এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বেলা সাড়ে ৩টার দিকে মহাদেবপুর সংলগ্ন নুরপুর এলাকা থেকে বাবলু নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। বাবলু ওই এলাকার প্রয়াত মন্টু মিয়ার ছেলে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আলম নামের এক ঠিকাদারকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।
বাবলুর স্ত্রী রীনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে এলাকার ঠিকাদার আব্দুল্লাহ আল মামুনের সহযোগী দুদু তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ৩টায় তার স্বামী খুন হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।
এলাকাবাসীর বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরপুর-কামাল কাচনা সড়কের পাশে পানি নিষ্কাশনের নর্দমা নির্মাণের কাজ নেন ঠিকাদার আবদুল্লাহ আল মামুন ও আলম। বাবলু কয়েকদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পাওয়ায় তিনি নির্মাণ কাজে বিভিন্নভাবে বাধা দিচ্ছিলেন।
নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখম রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
নিহতের বড় ভাই গাটু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠিকাদাররাই সন্ত্রাসী বাহিনী দিয়ে তার ভাইকে খুন করিয়েছে।
ঠিকাদার আলম চাঁদা দাবির সত্যতা স্বীকার করলেও তাকে কারা খুন করেছে সে ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৯০৪ ঘ.
bdnews24