নওগাঁ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সঙ্গে সমঝোতা না হওয়ায় নওগাঁয় সকাল থেকে সকল রুটে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট।
মঙ্গলবার দুপুরে প্রশাসনের সঙ্গে এ নিয়ে ফের বৈঠক হবে বলে জানিয়েছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক।
“সোমবার রাতের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।”
গত ৮ জুলাই একটি ট্রাক শ্রমিক সংগঠনের নামে কয়েকটি লোড পয়েন্ট ও অফিস ঘর ভাঙচুর, লুটপাটের ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়।
সোমবার সন্ধ্যায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সকাল ৬টা থেকে নওগাঁর সকল আভ্যন্তরীণ রুটে পরিবহণ ধর্মঘটের ঘোষণা দেয় নওগাঁ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মটর শ্রমিক ইউনিয়নের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ।
এ সময় রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, বিভাগীয় যুগ্ম সম্পাদক হেলালুজ্জামান হেলাল, নওগাঁ জেলা সভাপতি মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতারা জানান, প্রশাসনের কাছে আসামিদের গ্রেপ্তার ও ওই সংগঠনটির কার্যক্রম স্থগিত করার আহ্বান জানিয়ে কোনো ফল না পেয়ে এ ধর্মঘট ডাকা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৩ ঘ.
bdnews24