ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরের কিউরেটর ও সদস্য সচিব সৈয়দ সিদ্দিকুর রহমান মারা গেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডির নিজের বাসায় মারা যান সিদ্দিকুর। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
তার মৃত্যুর খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালেই সিদ্দিকুর রহমানের বাসায় যান বলে আবুল কালাম আজাদ জানান।
প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং সিদ্দিকুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন।
গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সিদ্দিকুর রহমানের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। প্রতিষ্ঠাকাল থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের জন্য সিদ্দিকুর রহমানের অবদানের কথাও স্মরণ করেন শেখ হাসিনা।
কিউরেটরের মৃত্যুতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে দুই দিনের ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর সড়কের যে বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন, সেই বাড়িতেই ১৯৯৪ সালের ১৪ অগাস্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার সময় থেকেই সিদ্দিকুর রহমান এ প্রতিষ্ঠানের কিউরেটর এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
মঙ্গলবার জোহরের পর বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে সিদ্দিকুর রহমানের প্রথম জানাজা হয়। আছরের নামাজের পরে ধানমন্ডির তাকওয়া মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
১৯৩৩ সালের পহেলা জুন বরিশালে জন্মগ্রহণ করেন সিদ্দিকুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী নাজমা রহমান, দুই ছেলে, এক মেয়ে ও পাঁচ নাতি-নাতনী রেখে গেছেন।
সরকারের সাবেক যুগ্ম-সচিব সৈয়দ সিদ্দিকুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্ট এবং শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি কার্যক্রম পরিচালনা কমিটিরও সদস্য ছিলেন।
আগামী বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৪২০ ঘ.
bdnews24