২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার চেষ্টা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাজার কমিটির কয়েক নেতাকে পুলিশ ক্যাম্পে ডেকে নেওয়ার পর স্থানীয় লোকজন ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তা প্রতিহত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 06:47 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

নোয়াখালী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাজার কমিটির কয়েক নেতাকে পুলিশ ক্যাম্পে ডেকে নেওয়ার পর স্থানীয় লোকজন ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তা প্রতিহত করেছে। সোমবার রাতে উপজেলার নঙ্গলিয়ার চরের জনতা বাজারে এ ঘটনার সময় স্থানীয় জলদস্যু নিজাম বাহিনীর সদস্যরা জনতার সঙ্গে মিশে ক্যাম্প লক্ষ্য করে গুলি ও রকেট লঞ্চার ছোড়ে বলে দাবি করেছে পুলিশ। সন্ধ্যায় জনতা বাজারের কয়েকজন ব্যবসায়ীকে স্থানীয় ক্যাম্পে ডেকে নেয় পুলিশ। জেলা পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সময় ব্যবসায়ীদের ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলে কিছু লোক গুজব ছড়িয়ে দেয়। রাত সাড়ে ৮টার দিকে কয়েকশ মানুষ লাঠিসোঁটা নিয়ে ক্যাম্প আক্রমণ করতে আসে। “এই সুযোগে জলদস্যু নিজাম বাহিনীর সদস্যরাও তাদের সঙ্গে মিলে ক্যাম্পের দিকে গুলি ও রকেট লঞ্চার ছোড়ে। পুলিশ পরিস্থিতি মোকাবেলায় ৩৫ রাউন্ড ফাঁকা গুলি করে,” বলেন এসপি। তিনি জানান, এই ঘটনার পর পাশের মোর্শেদ বাজার ও ভূমিহীন বাজার তদন্ত কেন্দ্রে পুলিশও ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের ওসি দেলোয়ার হোসেন জানান, জলদস্যুরা আকাশের দিকে ৪-৫টি রকেট লঞ্চার ছুড়েছে। স্থানীয়রা জানান, হাতিয়ার অধিকাংশ বাজার বা মসজিদ কমিটিতে জলদস্যুদের সঙ্গীরা রয়েছেন। কমিটিতে থাকার কারণে স্থানীয় লোকজনের মধ্যে তাদের প্রভাবও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০০৪৪ ঘ.