২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকারীর শাস্তি বাতিলে কুবিতে ছাত্রলীগের তালা

ছাত্রী উত্ত্যক্তকারী এক কর্মীর বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

কুমিল্লা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী উত্ত্যক্তকারী এক কর্মীর বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে ছাত্রলীগকর্মী নুরুল আমিন সবুজের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তালা দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রশাসনিক ভবনসহ সকল একাডেমিক ভবনে তালা দেয়ায় দিনভর অবরুদ্ধ থেকেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, নিবন্ধকসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষার্থীরা জানান, গত বছর ১৩ এপ্রিল প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগকর্মী সবুজ এক সহপাঠীকে ক্লাসরুমে শিক্ষকের সামনে ছুরি মারেন। এ ঘটনায় সবুজকে বিশ্ববিদ্যালয় থেকে ২৩ এপ্রিল আজীবনের জন্য বহিষ্কার করা হয়। ছাত্রলীগ সবুজের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে গত ২৪ সেপ্টেম্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন শুরু করে। ২৮ সেপ্টেম্বর ছাত্রলীগ প্রশাসনকে এক সপ্তাহের আল্টিমেটাম দেয়। সোমবার থেকে ছাত্রলীগ অন্য দাবিগুলো বাদ দিয়ে শুধু সবুজের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আবারো আন্দোলন শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯টায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। এক পর্যায়ে ক্যাম্পাসের প্রধান ফটকেও তালা দেয়া হয়। এতে ক্যাম্পাসে আটকা পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় টায়ার জ্বালিয়ে প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয়। সকাল সাড়ে ১০টায় পুলিশ ক্যাম্পাসে ঢুকতে চাইলেও আন্দোলনকারীদের বাধায় তাদেরকে বাইরে অবস্থান নিতে হয়। বিশ্ববিদ্যায়ের প্রক্টর আহসান উল্যাহ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবুজের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য ছাত্রলীগ আন্দোলন করছে। এটা অযৌক্তিক। আমরা অবরুদ্ধ আছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস