২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসেত মজুমদারকে আইনজীবী পরিষদ সভাপতির পদ ছাড়ার আহ্বান

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতির পদ ‘ছিনতাইয়ের’ অভিযোগ এনে ওই পদ থেকে সরে দাড়াতে আব্দুল বাসেত মজুমদারকে আহ্বান জানিয়েছে সংগঠনের একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতির পদ ‘ছিনতাইয়ের’ অভিযোগ এনে ওই পদ থেকে সরে দাড়াতে আব্দুল বাসেত মজুমদারকে আহ্বান জানিয়েছে সংগঠনের একাংশ। সোমবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হক মিয়া রিপন। এ সময় কেন্দ্রীয় কমিটির আরো ছয় নেতা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট রিপন বলেন, গত ২০ সেপ্টেম্বর ঢাকা বারে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠান হয়। পরে ২৫ সেপ্টেম্বর দুটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাসেত মজুমদারকে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি করা হয়েছে। “এভাবেই বাসেত মজুমদার পরিষদের সভাপতির পদ ছিনতাই করেছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। এরপর কাউন্সিল হবে, নির্বাচন হবে। কাউন্সিলের মাধ্যমে তিনি আসবেন বা অন্য কেউ আসবেন। আমাদের কোনো আপত্তি থাকবে না।” এর মাধ্যমে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভায় ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেলের পাল্টা বক্তব্যের একদিন পর ক্ষমতাসীন জোট সমর্থিত আইনজীবীদের অন্যতম সংগঠন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের দ্বিধা-বিভক্তি প্রকাশ্যে চলে এলো। দ্বন্দ্বের কারণে গত বার কাউন্সিল নির্বাচনে কয়েকবার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে পরিবর্তন ঘটে। এনিয়ে সরকার সমর্থক আইনজীবীদের মধ্যে দ্বিধাবিভক্তিও দেখা যায়। স্বাধীনতার পর প্রথমবার ওই নির্বাচনে হেরে যাওয়ার পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে ওই বিভেদ প্রকাশ্য হয়। বার কাউন্সিল নির্বাচনে আইনজীবী সমন্বয় পরিষদের পরাজয়ের পর শুক্রবারের ওই সভায় রোকনউদ্দিন আরো বলেছিলেন, “বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ যুদ্ধাপরাধীদের টাকা নিয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে বিভক্তির সৃষ্টি করছে। এতে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলের সমর্থন রয়েছে।” এই বক্তব্যের জবাবে রোববার ওয়ান-ইলেভেনের সময় রোকনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই সভায় অনুপস্থিত মাহবুবে আলম রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমি বলতে চাই ওয়ান-ইলেভেনের সময় উনি (রোকনউদ্দিন) কোথায় ছিলেন? আমি, আইনমন্ত্রী- আমরা তো নেত্রীর মামলা করতে হাজির হয়েছিলাম।” ওই নির্বাচনে তৎকালীন ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদারসহ অন্যরা প্রার্থী হয়েছিলেন। পরে এক পর্যায়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন। শেষ পর্যন্ত নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরী ও পরিষদের আহ্বায়কের মেয়ে ব্যরিস্টার তানিয়া আমীরসহ অন্যরা অংশ নেন। কিন্তু অধিকাংশ পদে তাদের পরাজয় হয়। রিপন সংবাদ সম্মেলনে বলেন, ওই নির্বাচনে প্রার্থী হতে না পেরে বাসেত মজুমদার ও লায়েকুজ্জামান মোল্লা বিভিন্ন বারে ফোন করে সমন্বয় পরিষদের প্রার্থীকে ভোট না দিতে আহ্বান জানিয়েছিলেন। এর ফলেই এই পরাজয় ঘটে। তিনি আরো বলেন, তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও মনসুরুল হক চৌধুরীকে (ক্ষমতাসীন জোট সমর্থিত প্রার্থী) হারিয়ে দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক সরদার মোশাররফ হোসেন, রেজাউল করিম, এসএম জাফর সাদিক ও একেএম মনিরুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক রফিকুল হক মিয়া, দপ্তর সম্পাদক নিজামুল হক নিজাম, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতা এএসএম আনোয়ারূল ইসলাম টিটো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮৫৭ঘ.