ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল সিম কার্ড কিনতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছে উচ্চ আদালত।
একটি রিট আবেদনে সোমবার এই প্রশ্ন তোলার পাশাপাশি সিম কার্ড কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিলের বিকল্প ব্যবস্থা রাখার অন্তর্র্বতীকালীন নির্দেশও দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. হাবিবুল গণির দেয়া রুলে মোবাইল ফোনের সিম কার্ড কেনার জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্তির বিধান সংশোধনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
চার সপ্তাহের মধ্যে টেলিযোগাযোগ সচিব ও বিটিআরসি চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে।
বর্তমানে মোবাইল ফোনের সিম কিনতে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিল করতে হয়। গত ১২ এপ্রিল বিটিআরসি এটি বাধ্যতামূলক করে।
এই বিধান চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম চৌধুরী রোববার রিট আবেদনটি করেন, যিনি জাতীয় পরিচয়পত্র পাননি বলে জানান তার আইনজীবী অনীক আর হক।
অনীক হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিটকারী ৬ মাস আগে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেও পাননি। জাতীয় পরিচয়পত্র আইন অনুসারে পরিপূর্ণ জাতীয় ডাটাবেজ তৈরি হওয়ার পূর্বে এমন কোনোভাবে এটাকে বাধ্যতামূলক করে কোনো নাগরিককে কোনো সেবা থেকে বঞ্চিত করা যাবে না।”
রিট আবেদনে বিটিআরসির ওই সার্কুলারকে চ্যালেঞ্জ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৭২০ ঘ.
bdnews24