২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানভীরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে আদালতে হাজির করার আগে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 07:11 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে আদালতে হাজির করার আগে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার তানভীরকে সোমবার দুপুরে রমনা থানা থেকে দুদক কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পর তাকে আদালতে হাজির করা হবে। তানভীরকে কমিশন কার্যালয়ে নিয়ে আসতে ইতোমধ্যে দুদক কর্মকর্তারা রমনা থানায় গেছেন বলেও তিনি জানান। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে রোববার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে মামলার দুদিন পর হলমার্কের কর্ণধারকে গ্রেপ্তার করা হল। বৃহস্পতিবার তানভীরসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। আসামিদের মধ্যে সাত জন হলমার্ক এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা। ওই ১১টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে রোববার ১৮, ১৯ ও ২০ নভেম্বর তারিখ দিয়েছে দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এসইউ/১৩০৬ ঘ.