কক্সবাজার, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির এবং বসতবাড়ি পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল পৌনে ৯টায় কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে শেখ হাসিনা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। সোয়া ১০টায় কক্সবাজারে পৌঁছানোর পর তিনি রওনা হন রামুর পথে।
সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও অনুদানের চেক বিতরণ করে বেলা ১টায় তিনি কক্সবাজারে ফিরবেন।
দুপুরে কক্সবাজার সার্কিট হাউজে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিকাল ৪টার দিকে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়।
পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনা হামলার খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
এদিকে শেখ হাসিনার সফর উপলক্ষে রামু হাইস্কুল মাঠ ও আশপাশের এলাকা মনোরম সাজে সজ্জিত করা হয়েছে। রামু হাইস্কুল মাঠে এক শান্তি সমাবেশে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
রামু চৌমুহনী স্টেশন, চৌমুহনী চত্বর, রামু কেন্দ্রীয় সীমা বিহার সড়কসহ বিভিন্ন রাস্তা সংস্কার করা হয়েছে গত দুই দিনে। রামু হাইস্কুল মাঠে মূল মঞ্চের সামনে অতিথি, বৌদ্ধ ভিক্ষু, ক্ষতিগ্রস্ত পরিবার ও সাংবাদিকদের বসার ব্যবস্থা করা হয়েছে।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথের, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক।
এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও আমীর হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াাজেদুল ইসলাম, গণ আজাদী লীগের সভাপতি হাজী আবদুস সামাদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/১০১৫ ঘ.
bdnews24