২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাক-মাইক্রো সংঘর্ষ, নিহত ৩

মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 04:16 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

মানিকগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো তিনজন। গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এরা হলেন- নূরুল হক (৩৫), আব্দুর রাজ্জাক (৩৮) ও সুজন মিয়া (১১)। তাদের সবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে। এসআই মান্নান জানান, ফরিদপুর থেকে ছয়জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে যাচ্ছিল। ঢাকা-আরিচা মহাসড়কের মুলজানে পৌঁছানোর পর বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। “এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটিও সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।” মানিকগঞ্জ সদর থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে দুইজনকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠান হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১০ ঘ.