২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশে ভরে উঠেছে বরিশালের মোকাম

নিষেধাজ্ঞা থাকলেও গত ১১ দিন নদী ও সাগরে ইলিশ মাছ ধরা অব্যাহত ছিল বলে শনিবার জেলেরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

বরিশাল, ০৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিষেধাজ্ঞা থাকলেও গত ১১ দিন নদী ও সাগরে ইলিশ মাছ ধরা অব্যাহত ছিল বলে শনিবার জেলেরা জানিয়েছে। তাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিন সকালেই হাজার হাজার মণ ইলিশ মাছে ভরে উঠেছে বরিশাল নগরীর মোকাম। প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি ও বহন নিষিদ্ধ ছিল। শনিবার মাছ নিয়ে আসা ট্রলারের জেলেরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা শুরুর আগে তারা সাগরে চলে যান এবং নির্বিঘেœ ১১দিন ইলিশ মাছ শিকার করেন। তারা জানান, সাগরে কোনো অভিযান ছিল না। সাগরসংলগ্ন নদীগুলোতে দিনে অভিযান চললেও রাতে ইলিশ শিকার চলেছে অবাধে। শনিবার দুপুরে পোর্ট রোড মোকামে যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি। সরেজমিন দেখা যায়, ইলিশ মাছ বোঝাই ট্রলার ও ইঞ্জিন নৌকা আসছিল একের পর এক। মোকামের আড়তদার-শ্রমিক-বরফকলগুলোতে শুরু ব্যস্ততা। মাহিমা এন্টারপ্রাইজের ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টা পর্যন্ত কীর্তনখোলা চ্যানেল ছিল ট্রলারশূন্য। এরপরই ইলিশ বোঝাই ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকাগুলো আসতে শুরু করে। বেশিরভাগ ইলিশই ডিমওয়ালা। এভাবে সারাদিন ইলিশ মাছ বোঝাই ট্রলার আসা অব্যাহত ছিল। তবে ১১দিন সাগরে থাকার কারণে বেশিরভাগ ইলিশেই পচন ধরেছে। সাগর থেকে ইলিশ নিয়ে আসা এক ট্রলারের জেলে লক্ষ্মীপুরের আলেজান্ডার গ্রামের মো. ফরিদ উদ্দিন বলেন, তিনি ২৩ সেপ্টেম্বর (নিষেধাজ্ঞা শুরুর দু’দিন আগে) ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনার মাছঘাট থেকে ট্রলার নিয়ে সাগরে রওনা হন। একই সময়ে সেখান থেকে ৭০-৮০টি ট্রলার সাগরের উদ্দেশে রওনা হয় বলে তিনি জানান। নিষেধাজ্ঞার ১১দিন মহিপুরের কাছাকাছি সাগরে তার ট্রলারসহ কয়েকহাজার ট্রলার ইলিশ শিকার করে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। নিষেধাজ্ঞার ১১দিনে নৌবাহিনীর কোনো টহল জাহাজ সেখানে যায়নি বলেও তিনি জানান। নিষেধাজ্ঞার শেষদিন ট্রলারগুলো সাগর থেকে বরিশাল, মহীপুর ও পাথরঘাটার মোকামে আসে। ফরিদ উদ্দিনের ট্রলার শুক্রবার রাত সাড়ে ৯টায় সাগর থেকে রওনা হয়ে শনিবার বেলা ১২টায় বরিশাল মোকামে পৌঁছে বলে তিনি জানান। মন্নান মিয়া নামে এক ট্রলার মাঝি জানান, নিষেধাজ্ঞার শেষরাতে শত শত ট্রলার নোয়াখালী, মহেশখালী, ভোলা, পাথরঘাটার বিভিন্ন খালে অবস্থান করে। শনিবার ভোরে মাছবোঝাই ট্রলারগুলো কুয়াকাটার মহিপুর, আলীপুর ও পাথরঘাটার েেউদ্দশে রওনা হয়। একইভাবে মেঘনা, তেঁতুলিয়া, বিষখালী, আন্ধারমানিকসহ সাগর সংলগ্ন বিভিন্ন নদীতে মাছ শিকার হয়েছে বলে জেলেরা জানান। মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক একেএম আমিনুল হক বলেন, তিনি নিজেও বরিশাল মোকামে মা ইলিশের আমদানি দেখেছেন। জেলেরা তার কাছে নিষেধাজ্ঞা চলাকালে গভীর সাগরে ওই ইলিশ শিকার করা হয় স্বীকার করেছে। আমিনুল হক জানান, মৎস্য বিভাগ অভ্যন্তরীণ নদীতে অভিযান চালাতে পারে। গভীর সাগরে অভিযান চালায় নৌ-বাহিনী আর কোস্টগার্ড। তিনি বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য প্রত্যেকটি মোকামের সমিতির তালিকাভুক্ত মাছধরা ট্রলারগুলো স্থানীয় পুলিশ হেফাজতে রাখার আইন হওয়া প্রয়োজন। মৎস্য বিভাগের বরিশাল বিভাগীয় কার্যালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার ১১দিন অভিযান চালিয়ে ২৮ মেট্রিক টন ইলিশ মাছ, ৬২ লাখ মিটার জাল আটক এবং ৪৭১ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.