বান্দরবান, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে হামলার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বান্দরবানে মৌনমিছিল ও মানববন্ধন করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
শনিবার সকালে ‘সর্বস্তরের বৌদ্ধ সম্প্রদায়’ ব্যনারে আয়োজিত এ কর্মসূচিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
সকাল ১০টায় জেলা শহরের রাজার মাঠ এলাকা থেকে মৌন মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে শেষ হয়।
এরপর সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ মানববন্ধন করেন।
মানববন্ধনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বান্দরবান পৌর মেয়র জাবেদ রেজা প্রমুখ অংশ নেন।
এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা কাজী মজিবর রহমান, পৌর মেয়র জাবেদ রেজা, পার্বত্য বৌদ্ধ ভিক্ষু পরিষদের মহাসচিব তেজপ্রিয় থের, বান্দরবান সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উদায়ন জ্যোতি মহাথের, উপদেষ্টা দীপ্তি কুমার বড়–য়া, মারমা সম্প্রদায়ের লুসাই মং, জেলা শ্রমিক লীগ সহ-সভাপতি সুগতপ্রিয় বড়–য়া, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল দাশ প্রমুখ।
বক্তারা বলেন, কক্সবাজারের রামুতে বড়–য়া (বৌদ্ধ) ও মুসলমান সম্প্রদায়ের লোকজন হাজার বছর ধরে শান্তি-সম্প্রীতিতে বসবাস করে আসছে। কোনো কুচক্রী মহলের স্বার্থ সিদ্ধির জন্যই উস্কানি দিয়ে ধর্মীয় উপাসনালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ, বসত ঘরে আগুন ও লুটপাটের মত নিন্দনীয় কাজ করেছে।
এর ধারাবাহিকতায় পটিয়াসহ দেশের বিভিন্ন এলাকায়ও সহিংস ঘটনা ঘটেছে। এটা কারো কাম্য নয়।
তারা এসব ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৫৮ ঘ.
bdnews24