২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে রিহ্যাব মেলা

শনিবার শুরু হতে যাওয়া এই মেলায় বাংলাদেশের আবাসন খাতের ৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে আয়োজকরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 06:44 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউ ইয়র্ক, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে তিনদিনব্যাপী রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হচ্ছে শনিবার থেকে। এবারের মেলা হবে বাংলাদেশি অধ্যুষিত এস্টোরিয়ায় এনটিভি মিলনায়তনে। মেলা উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। বাংলাদেশের ৪০টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। মেলা উপলক্ষে বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে গুলশান টেরেস পার্টি হলে সংবাদ সম্মেলন করে হাউজিং ফেয়ারের আয়োজক সংস্থা ‘এসএসবি মাল্টিসার্ভিস ইনক’। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহিম খান। সংবাদ সম্মেলনে রিহ্যাবের সভাপতি ও সরকারদলীয় সংসদ সদস্য এমপি নসরুল হামিদ বলেন, গৃহনির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে ফ্ল্যাটের দাম বেড়েছে কয়েকগুণ। ফলে আগের বছরের তুলনায় গত বছর ফ্ল্যাট এবং প্লট বিক্রি কমেছে ৪৩ শতাংশ। গত ৯ বছর ধরে নিউ ইয়র্কে রিহ্যাব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, বছরে ১৫ হাজার ফ্ল্যাট ও পাঁচ হাজার প্ল¬ট বিক্রি হচ্ছে রিহ্যাবের ১২ হাজার সদস্য প্রতিষ্ঠানের মাধ্যমে। ক্রেতাদের ১৫ শতাংশই হলেন প্রবাসীরা। তবে মন্দার কারণে আমেরিকায় রিয়েল এস্টেটের ক্রেতা কমে যাচ্ছে বলে জানান তিনি। নসরুল হামিদ বলেন, ‘রিয়েল এস্টেট সেক্টর যেভাবে অগ্রসর হচ্ছে সে অনুযায়ী সরকারের সহায়তার দিগন্ত প্রসারিত হয়নি, তাই এ সেক্টরের নিয়ম-শৃঙ্খলা এখনও প্রতিষ্ঠিত করা যাচ্ছে না।’ তিনি অভিযোগ করে বলেন, ‘১০ হাজার টাকা ফি দিলেই রিয়েল এস্টেট ডেভেলপারের লাইসেন্স পাওয়া যাচ্ছে। এজন্যে আর কোনো যোগ্যতার প্রয়োজন হচ্ছে না। সরকারের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় রাজধানী ঢাকা এবং এর আশপাশে ভূমির দাম আকাশচুম্বী হয়েছে।’ এক প্রশ্নের জবাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওপর ক্ষোভ প্রকাশ করে নসরুল হামিদ বলেন, রাজউকও বর্তমানে রিয়েল এস্টেট ব্যবসায়ীতে পরিণত হয়েছে, ফলে তাদের মূল কাজ ব্যাহত হচ্ছে। রিহ্যাব সদস্যরাও প্রত্যাশিত সেবা পাচ্ছে না রাজউকের কাছ থেকে। যেখানে ১০০ জন কর্মকর্তা প্রয়োজন, সেখানে রাজউকের কর্মকর্তা রয়েছে মাত্র ৬ জন।’ তিনি বলেন, পরিকল্পিত নগরী গড়ে পরিবেশ সুরক্ষিত রাখতে হলে সারা দেশকে ‘ডিটেইল এরিয়া মাস্টার প্ল্যানে’র আওতায় আনতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৪১ ঘ.