ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেওয়ানির মতো ফৌজদারি মামলা জট কমাতেও বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি কার্যকর করতে যাচ্ছে সরকার।
এলক্ষ্যে ফৌজদারি কার্যবিধি সংশোধন সংসদের আগামী অধিবেশনেই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউিট আয়োজিত সহকারী জজ, মুখ্য বিচারিক হাকিমসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের ১১৭তম প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে শনিবার তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, “এখন ফৌজদারি মামলার বিচার শেষ করতে চার-পাঁচ বছর লাগে, যেটির নিষ্পত্তি ছয় মাসেও সম্ভব। ফৌজদারি কার্যবিধি সংশোধিত হলে, বিকল্প বিরোধ নিষ্পত্তি এখানেও চালু করলে কারাবাসী লোকজনের সংখ্যাও কমে আসবে।”
দেওয়ানি কার্যবিধি সংশোধন করে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি চালু করায় দেওয়ানি মামলার বিচারের দীর্ঘসূত্রতা কমেছে বলে তিনি জানান।
“আগে দেওয়ানি মামলার সমন জারি এবং লিখিত জবাব দাখিলে মাসের পর মাস চলে যেত। এ আইনটি পরিবর্তিত হওয়ায় এখন সাত দিনের মধ্যে সমন জারি হয়ে আসে,” বলেন শফিক আহমেদ।
তিনি বলেন, “লিখিত জবাব দাখিলের জন্য প্রথম ৬০ দিন, তাতে সম্ভব না হলে আরো ৩০ দিন সময় বাড়িয়ে দেয়া হয়েছে। এরপর মামলার বিচারের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। ফলে এ ধরনের মামলায় সাক্ষী আসেনি, আইনজীবী প্রস্তুত নয়- এসব বলে আর সময়ক্ষেপণ করা যাচ্ছে না।”
সততা, দক্ষতার সঙ্গে নির্ভয়ে বিচারকাজ পরিচালনার মাধ্যমে গণতন্ত্র ও আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
তিনি আরো বলেন, রাষ্ট্রের কোনো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের অনেক সময় বিরোধ দেখা দেয়। সেক্ষেত্রে নিরপেক্ষভাবে বিচার করলে জনগণ বিচার বিভাগের কাছ থেকে প্রত্যাশিত উপকার পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মফিজুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১১৩৬ ঘ.
bdnews24