২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুড়ির সুতায়’ গলা কেটে যুবকের মৃত্যু

রাজধানীর মতিঝিলে ঘুড়ির সুতায় গলা কেটে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে ঘুড়ির সুতায় গলা কেটে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যয় মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন মসজিদ মার্কেটের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতের নাম ফয়সাল হোসেন শাওন (২০)। তার বাড়ি লক্ষীপুরের রামগঞ্জের দাসপাড়ায়। থাকতেন মান্দা হায়দার আলী স্কুলে পিছনে। নিহতের বন্ধু আরমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সন্ধ্যায় মসজিদ মার্কেটের সামনে মোটর সাইকেল নিয়ে কাত হয়ে পড়ে যায় শাওন। তার গলা দিয়ে রক্ত ঝড়তে দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মসজিদ মার্কেটের কাছে কিশোররা ঘুড়ি উড়াচ্ছিলো। ওই সময় শাওন দ্রুত মোটর সাইকেল চালিয়ে যাওয়া সময় নিচে থাকা ঘুড়ির সুতায় তার গলা আটকে এ দুর্ঘটনা ঘটেছে। ওসি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘুড়ি সুতা গালায় আটকিয়ে এ ঘটনা ঘটেছে। শাওনের বাবা মো. শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, বিকালে শাওন তার বড় ভাইয়ের মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হন। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তিনি কিছু বলতে পারেননি। তাদের সঙ্গে বা শাওনের সঙ্গে কারো বিরোধ নেই বলে তিনি জানান। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাওনের গলা ছয় ইঞ্চি লম্বা ও দুই ইঞ্চি গভীর কাটা রয়েছে। মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২২১৫ ঘ.