নারায়ণগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের পাগলায় একটি ট্রাক স্ট্যান্ড নির্মাণের ঘোষণা দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে এখানে সড়ক পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, ট্রাক স্ট্যান্ড নির্মাণের জন্য সওজ’র ২২ একর জমি লিজ নেয়া হয়েছে।
এছাড়া পাগলার তালতলায় ভূমি মন্ত্রণালয়ের ১১ একর জমিতে আরেকটি ট্রাক স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
নারায়ণগঞ্জ-পাগলা-পোস্তগোলা সড়কে যানজট নিরসনে এসব পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান কাদের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা রুটের মুন্সিখোলা এলাকায় রাস্তার বেশিরভাগ অংশ অবৈধ দখলদারদের কাছে রয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা গেলে রাস্তাটি সহজেই চার লেনে পরিণত করা যাবে।
এ সময় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসন পনির, শ্রমিক লীগের ফতুল্লা সভাপতি কাওসার আহমেদ পলাশ, প্রমুখ মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০০০ ঘ.
bdnews24