২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে চট্টগ্রামে হাঁটুপানি

বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষনে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 07:04 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষনে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা তরীফুল নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১২ ঘণ্টায় নগরীতে ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, চকবাজার, প্রবর্তক মোড়, আগ্রাবাদসহ শহরের নিচু এলাকাগুলোয় জমে যায় হাঁটুপানি। মুরাদপুরের বাসিন্দা রাজীব দাশ জানান, গ্রামের বাড়ি বোয়ালখালীতে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হলেও পানির কারণে তিনি বহদ্দার হাট বাসস্ট্যান্ডে যেতে পারেননি। চকবাজারের বাসিন্দা অ্যাডভোকেট ফারজানা জানান, কর্ণফুলী নদীতে জোয়ারের কারণে সকালে বৃষ্টির পানি নামতে পারেনি। ফলে। জমে থাকা পানিতে পুরো এলাকা তলিয়ে যায়। আবহাওয়া কর্মকর্তা তরীফুল নেওয়াজ বলেন, “সকালে বৃষ্টির তীব্রতা কমে এসেছে। ধীরে ধীরে আরো কমে আসবে।” বিরূপ আবহওয়ার কারণে চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান তিনি। বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়া চকবাজার এলাকার একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মানিক দেবনাথ (৪৫) স্থানীয় মতি টাওয়ারের কাপড় ব্যবসায়ী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক রাথ্রু মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে চকবাজার কাঁচার বাজারসংলগ্ন জলাবদ্ধ এসপি বিল্ডিংয়ের নিচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মানিক দেবনাথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/জেকে/১২৫৫ ঘ.