২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীজ ব্যবসায়ীদের সতর্ক করলেন কৃষিমন্ত্রী

বীজ আমদানি ও বিতরণের ক্ষেত্রে যথাযথ বিধিবিধান মেনে বীজের ব্যবসা করার জন্য বেসরকারি বীজ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীজ আমদানি ও বিতরণের ক্ষেত্রে যথাযথ বিধিবিধান মেনে বীজের ব্যবসা করার জন্য বেসরকারি বীজ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘৩য় এগ্রো বাংলাদেশ মেলা ২০১২’- এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, “২০০১ সালের পর থেকে আপনারা (বেসরকারি বীজ ব্যবসায়ীরা) বিধিবিধান অমান্য করে যাহা ইচ্ছা তাহা (বীজ) চালিয়ে দিলেন। বাজে মানের বীজ আমদানি ও বিতরণের মাধ্যমে কৃষকদের মাঝে এ বীজ নিয়ে আতঙ্ক সৃষ্টি হলো, তারা এই বীজের উপর থেকে আস্থা হারালো।” উদাহরণ হিসাবে কৃষিমন্ত্রী বলেন, ঝলক ধান একবার ভালো হলে আরেকবার কৃষকরা মার খায়। কারণ একবার ভালো ফসল হবার পর বাজার তৈরি হয়ে গেলে পরের বার তারা (ব্যবসায়ীরা) ভালো বীজটা আনেন না। ব্যবসায়ীদের ‘সৎভাবে’ ব্যবসা করার পরামর্শ দিয়ে বীজ আমদানি ও বিতরণের ক্ষেত্রে সরকারি বিধিবিধান মেনে চলার আহ্বান জানান মতিয়া চৌধুরী। প্রথমবারের মতো সরকারি-বেসরকারি অংশিদারিত্বের ভিত্তিতে কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। একই সঙ্গে একই স্থানে এই মেলার সাথে আরো দুটি সহযোগী মেলা ‘রাইস অ্যান্ড গ্রেইনটেক বাংলাদেশ’ এবং ফুডপ্রো বাংলাদেশ’ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/এসইউ/২০৪৪ ঘ.