২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষে সাভারে ২ পোশাক কারখানায় ছুটি

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানায় ছুটি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

সাভার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানায় ছুটি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আশুলিয়ার ‘মাহবুব এ্যাপারেলস লিমিটেড’ ও ‘ডাইনেস্টি গ্রুপ’ কারখানায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। আশুলিয়ার জিরাব পুকুরপাড় এলাকার মাহবুব এ্যাপারেলস কারখানার নিটিং ইনচার্জ মতিউর রহমান ও উৎপাদন ব্যবস্থাপক ইসমাইলের মধ্যে কারখানার ভেতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে এক হাজারেরও বেশি শ্রমিক দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়লে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহত শ্রমিক মতিউর ও কামরুলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরে কর্তৃপক্ষ কারখানাটি একদিনের জন্য ছুটি ঘোষণা করে বলে জানান শ্রমিকরা। অপরদিকে আউকপাড়া এলাকার ‘ডাইনেস্টি গ্রুপ’ কারখানার শ্রমিকরা জানান, উৎপাদন মজুরি বৃদ্ধির দাবিতে তারা সকাল থেকে বিক্ষোভ শুরু করলে দুপুরে কর্তৃপক্ষ কারখানা একদিনের জন্য ছুটি দিয়ে দেয়। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-পরিচালক মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/২০৩২ ঘ.