ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনায় বসতে চাওয়ার পর আন্দোলন স্থগিত করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কু-ু বৃহস্পতিবার সন্ধায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন পাওয়ার পর ঐক্যজোট জরুরি সভা করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে।
এর আগে বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষক নেতাদের সঙ্গে বসতে চেয়েছেন।”
আগামী রোববার বা সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক হতে পারে বলে জানান তিনি।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের দিকে যেতে ব্যর্থ হয়ে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়ায় বেলা ১২টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে।
ঐক্যজোট জরুরি সভা শেষে শিক্ষকরা রাস্তা থেকে সরে যান।
রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিক্ষকরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগোলে তাদের বাধা দেয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বাধা ডিঙিয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ১৫ থেকে ২০ জন আহত হয় বলে শিক্ষকরা অভিযোগ করেন।
দুপুর ১টার দিকে নুরুজ্জামান, সুব্রত কুমার, মনিরুজ্জামান ও বাহারুল ইসলাম নামে চার শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমপিওভুক্তির দাবিতে গত সোমবার নতুন করে এ আন্দোলন শুরু করে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবারও তারা দিনভর প্রেসক্লাব ও শাহবাগ এলাকায় বিক্ষোভ করেন এবং প্রধানমন্ত্রীর কাছে স্মরকলিপি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসআই/এসইউ/১৮২০ ঘ.
bdnews24