চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গ্রিনওয়েজ ট্রান্সপোর্টের মালিক মো. হাবিবুর রহমানের জেরা শেষ হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তাকে জেরা করেন আসামি মেজর (অব.) লিয়াকত হোসেনের আইনজীবী।
দুপুর পৌনে ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাবিবুর রহমানকে জেরা করেন আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ।
এ সময় আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে ট্রাক ভাড়ার বিভিন্ন বিষয়ে জেরা করেন।
২০০৪ সালের ১ এপ্রিল তিনি যে ট্রাক ভাড়া দিয়েছিলেন সেজন্য সিআইডি তার কাছ থেকে ট্রাক রেজিস্ট্রার ও চালান বই জব্দ করেছে কিনা- এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান ‘না’ সূচক উত্তর দেন।
অস্ত্র আটকের সময় জব্দ করা লবণ, ধান, চাল ও ভূষি কার নামে কেনা হয়েছিল তা যাচাই করতে পটিয়ার ইন্দ্রপুলে তিনি বা মামলার তদন্তকারী কর্মকর্তা কেউ যাচাই করেছিলেন কিনা- এমন প্রশ্নের জবাবেও ‘হয়নি’ বলে উত্তর দেন তিনি।
এর আগে বুধবারও আদালতে সাক্ষ্য শেষে জেরা করেন আসামি এনএসআই’র তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেনের আইনজীবী মো. শাহাবুদ্দিন।
জেরা শেষে আদালত আগামী ৩১ অক্টোবর মামলার নতুন সাক্ষ্য গ্রহণের তারিখ রেখেছেন।
সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর আমীর সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ আসামিকে আদালতে আনা হয়।
২০০৪ সালের ১ এপ্রিল রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে দশট্রাক অস্ত্রের চালানটি ধরা পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৮৪৪ ঘ.
bdnews24