ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি জাতীয়করণ ও পদমর্যাদা বাড়ানোর দাবি পূরণে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশ্বাস দিলেও আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবেন ইউনিয়ন পরিষদ সচিবরা।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) পক্ষ থেকে দাবি আদায়ে তাদের পূর্বঘোষিত আগামী ১৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনের অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ সচিবদের দাবি-দাওয়া নিয়ে ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
সমিতির সভাপতি সোহেলুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ ১৪ জন সদস্য এ বৈঠকে অংশ নেন।
সমিতির সভাপতি সোহেলুর রহমান বলেন, প্রতিমন্ত্রীর দিকে চার হাজার ৫৪৫ ইউনিয়ন পরিষদের সচিবের পরিবার তাকিয়ে আছে। শুধু দাবি পূরণের ঘোষণাই তাদের এ তাকিয়ে থাকার সমাধান হবে। তাই দাবি পূরণে সুনির্দিষ্ট ঘোষণা চাই। আশ্বাস নয়, দাবি পূরণের ঘোষণার পরই আমরা আন্দোলন থেকে সরে আসবো।
চাকরি জাতীয়করণ ও পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ইউনিয়ন পরিষদ সচিব সমিতি। তাদের এসব দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দু’বার নির্দেশনা আসার পরও ব্যবস্থা নেওয়া না হওয়ায় তারা ১৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি ঘোষণা করেন।
সচিব সমিতির সঙ্গে বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ সচিবদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল। সচিবদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার চেষ্টা রয়েছে আমাদের। বেতন-ভাতা শতভাগ সরকারি তহবিল থেকে দেওয়ার বিষয়টিও সুরাহা হবে। এজন্য আমরা শিগগিরই অর্থমন্ত্রীর সাথে বৈঠক করবো।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ সচিবদের দাবি-দাওয়া নিয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজ করছেন। ইউনিয়ন পরিষদের কর্মকা- সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য একজন কম্পিউটার অপারেটর ও হিসাব কর্মকর্তা নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬২৪ ঘ.
bdnews24