শেরপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল ফের শুরু হয়েছে।
জেলার পোড়া দোকান এলাকায় বন্যার পানির স্রোতের তীব্রতা কমে আসায় ওই মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল শুরু হয় বলে জানিয়েছেন সদর উপজেলায় মোহম্মদ ইলিয়াস উদ্দিন।
পোড়া দোকানে মহাসড়কটির কয়েকশ’ মিটার পানিতে তলিয়ে যাওয়ায় সোমবার থেকে ছোট যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, শেরপুর সদর উপজেলার চরাঞ্চলের ৬টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। তবে চরাঞ্চলের বেপারিপাড়া, চুনিয়ার চর, জঙ্গলদি ও ভাগলগড় গ্রামে নদী ভাঙন অব্যাহত রয়েছে।
৬টি ইউনিয়নের ২৬ হাজার পরিবারের ১ লাখ ৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন।
“বন্যায় ৪০ কিলোমিটার কাঁচা রাস্তা, দুই কিলোমিটার পাকা রাস্তা, দু’টি সেতু ও নয়টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে ডুবে মারা গেছে এক শিশু।”
জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের হিসেবে বন্যায় ৪ হাজার ৫৩০হেক্টর জমির রোপা আমন ধান এবং ১ হাজার ১৬৭ হেক্টর জমির সবজি ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত সাড়ে ৭শ’ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
“বন্যার পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫৫ ঘ.
bdnews24