২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাসহামলাকারীদের বিচার দাবি অ্যামনেস্টির

কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ও ঘর-বাড়িতে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ও ঘর-বাড়িতে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার লন্ডনভিত্তিক এই মানবাধিকার সংস্থার এক বিবৃতিতে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। অ্যমনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক আব্বাস ফয়েজকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, “সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ হামলার তীব্রতা ও ভয়াবহতায় এ দেশের মুসলিম, অমুসলিম ও সুশীল সমাজ গভীরভাবে আহত হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়টি বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে।” “অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা প্রকাশ্যে সংখ্যালঘুদের ওপর এই সহিংসতার নিন্দা জানান এবং নিজেদের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ার নির্দেশ দেন।” রামুর ঘটনাকে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় উপসনালয়ে এ যাবতকালের সবচেয়ে বড় হামলার ঘটনা হিসাবে উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আগে থেকে এ সম্পর্কে তথ্য পেয়েও পুলিশ সংখ্যালঘু সমাপ্রদায়ের নিরাপত্তা নিশ্চিত বরতে ব্যর্থ হয়েছে বলে খবর এসেছে যা খুবই ‘হতাশাজনক’। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামে পুলিশের উপমহাপরিদর্শক গত মঙ্গলবার অ্যামনেস্টিকে জানিয়েছেন যে, ঘটনার সময় রামু থানায় দায়িত্বে থাকা ওসির বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত প্রায় তিনশ’ জনকে আটক করা হয়েছে। অ্যমানেস্টি দাবি করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী যে যে বিষয়ের তদন্তের নির্দেশ দিয়েছেন সেগুলো প্রকাশ করতে হবে। বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায় এবং তদন্ত কর্মকর্তাদের যারা তথ্য দিয়েছেন- তাদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নিতে হবে। হামলার ঘটনায় দায়ী হিসাবে যাদের চিহ্নিত করা হয়েছে- আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তাদের বিচার নিশ্চিত করা এবং হামলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও তাদের উপসনালয় পুনর্নিমাণে সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছে সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৭১৭ঘ.