২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক হামলা: প্রতিবাদ হবে জাতিসংঘের সামনে

কক্সবাজার-চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে সমাবেশের ডাক দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

নিউইয়র্ক, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে সমাবেশের ডাক দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার দুপুরে এ সমাবেশ হবে। ‘নর্থ আমেরিকান বুড্ডিস্ট কম্যুনিটি’ আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ একটি আইন প্রণয়নের দাবি জানানো হয়। শুক্রবারের ওই কর্মসূচির সঙ্গে সংহতি জানানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা। ঐক্য পরিষদের সভাপতি রতন বড়–য়া বলেন, “এই অপকর্মের পরিকল্পনাকারী ও মদদদাতারা এখনও গ্রেপ্তার হয়নি। শত শত লোক গ্রেপ্তারের প্রয়োজন নেই, যারা নেপথ্যে ইন্ধন দিচ্ছে- তাদের গ্রেপ্তার করা হোক।” ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ এনে গত শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে উগ্রপন্থীরা। এরপর ওই ঘটনার জের ধরে রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরেও হামলা হয়। এ ঘটনায় গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বৌদ্ধ স¤প্রদায়ের প্রবাসী নেতারা। এছাড়া ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে গত সোমবার নিউইয়র্ক টাইমস কার্যালয়ের সামনে মানববন্ধন এবং মঙ্গলবার নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১২৪৭ ঘ.