নুরুল ইসলাম হাসিব
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়মিত টিকাদানের পাশাপাশি সরকার জাতীয় টিকা দিবস (এনআইডি) পালন করে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
জাতীয় টিকা দিবস পালনের কারিগরি কমিটির মতে এ ভাইরাস আবার ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় জাতীয় টিকা দিবস পালন অব্যাহত রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মন্ত্রী বলেন, “আমাদের কারিগরি কমিটি জাতীয় টিকা দিবস পালন অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে।”
“এটা একটি বিশেষ কর্মসূচি এবং পোলিওমুক্ত মর্যাদা বজায় রাখার একটি উপায়।”
২০০৫ সালে জাতীয় টিকা দিবস পালন না হওয়া এবং তার পরের বছর ১৮ জন শিশুর পোলিও আক্রান্তের ঘটনার কথা উল্লেখ করে রুহুল হক বলেন, “আমরা বিএনপি সরকারের মতো কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবো না।”
অবশ্য এর আগে স্বাস্থ্যমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাগিগরি কমিটি সুপারিশ করলে একশ’ কোটি টাকা ব্যয়ে জাতীয় টিকা দিবস পালন তারা বন্ধ করে দিতে পারেন।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ড. সৈয়দ আবু জাফর মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী বছরের মার্চ ও এপ্রিলে তারা পরবর্তী জাতীয় টিকা দিবস পালন করবেন। জাতীয় টিকা দিবসের আওতায় পাঁচ বছরের কম বয়সী একটি শিশুকে একমাসের ব্যবধানে দুই ডোজ করে দুইবার পোলিও টিকা খাওয়ানো হয়।
নিয়মিত টিকাদান কর্মসূচিতে প্রথমে ছয় সপ্তাহ বয়সে শিশুকে এ টিকা খাওয়ানো হয়। পরে ১০ সপ্তাহ, ১৪ সপ্তাহ ও নয় মাস পর শিশুকে এই টিকা খাওয়ানো হয়।
কেবল ২০০৫ সাল ছাড়া ১৯৯৫ সাল থেকে সরকার জাতীয় টিকা দিবস (এনআইডি) পালন করে আসছে।
গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভের ওয়েবসাইটে বলা হয়, “পোলিও নির্মূলে সাধারণত তিন থেকে পাঁচ বছর জাতীয় টিকা দিবস কর্মসূচির প্রয়োজন হয়। তবে যেসব দেশে নিয়মিত টিকাদান কর্মসূচির আওয়তায় কম সংখ্যক শিশুরা আসে, সেখানে আরো বেশি সময় প্রয়োজন।”
পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ সরকারি-বেসরকারি অংশিদারিত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রোটারি ইন্টারন্যাশনাল, ইউএস সিডিসি ও ইউনিসেফের নির্দেশনায় পরিচালিত একটি সংস্থা।
এ অঞ্চলের ‘পোলিওমুক্ত’ সনদ থাকা সত্ত্বেও জাতীয় টিকা দিবস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নেয়া হয়েছে জানতে চাইলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক বলেন, এ ভাইরাসের আবারো ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা ও নয়া দিল্লির আঞ্চলিক সদর দপ্তরের কর্মকর্তারা তাদেরকে সতর্ক করেছেন।
“পাকিস্তান ও আফগানিস্তানে এটা এখনো মহামারি আকারে রয়েছে। তাই এটা প্রতিবেশি দেশ ভারত ও সেখান থেকে বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে।”
নিয়মিত টিকা দেওয়ার পরও ২০০৬ সালে দুই হাজার শিশুর দেহে পোলিও সনাক্ত হওয়ায় এই কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। যেখানে নিয়মিত টিকাদান কর্মসূচি আওতায় ৯৫ শতাংশ শিশু টিকা নিতে পারে, সেখানে আলাদাভাবে এই পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচি চালিয়ে যাওয়া উচিৎ কি না তা নিয়ে বিতর্ক তৈরি হয়।
টিকা দিবস পালনের আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পোলিওমুক্তির সনদ পেতে হলে এ দিবস পালন অব্যাহত রাখতে হবে। প্রতিবেশী ভারত পোলিওমুক্ত হয়নি- এ বিষয়টিও যুক্তি হিসাবে তুলে ধরা হয়েছিল সে সময়।
অবশ্য নির্দিষ্ট একটি দেশের ক্ষেত্রে ‘পোলিওমুক্ত’ সনদ দেয়ার কোনো ব্যবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেই। পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভের ওয়েবসাইট অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিওমুক্তির সনদ দেয় অঞ্চল ভিত্তিতে, নির্দিষ্ট কোনো দেশকে নয়।
এখন পর্যন্ত ছয়টি ডব্লিউএইচও অঞ্চলের মধ্যে তিনটি এই সনদ পেয়েছে।
তিনবছর ধরে ৩৫টি সদস্য রাষ্ট্র পোলিওমুক্ত থাকার পর ১৯৯৪ সালে আমেরিকা অঞ্চল এই সনদ পায়, ২০০০ সালে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৭টি দেশের অঞ্চলটি সম্মিলিতভাবে সনদ পায় এবং ২০০২ সালে এই সনদ পায় ইউরোপের ৫২টি রাষ্ট্র।
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ভুটান গত ২৬ বছর ধরে পোলিওমুক্ত থাকলেও অন্যান্য দেশ পোলিওমুক্ত না হওয়ায় সনদ পায়নি এ অঞ্চল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এইচএ/০০০৪ ঘ.
bdnews24