২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার প্রতিবাদে বাসাইলে হরতাল পালিত

এক কৃষককে পুলিশ পিটিয়ে এবং পানিতে চুবিয়ে হত্যা করেছে অভিযোগে হরতাল করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

টাঙ্গাইল, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কৃষককে পুলিশ পিটিয়ে এবং পানিতে চুবিয়ে হত্যা করেছে অভিযোগে হরতাল করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলাবাসী। বুধবার সকাল-সন্ধ্যার এ হরতালে উপজেলা সদরের দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল। হরতালকারীরা সদরে মিছিল করে। এদিকে ময়নাতদন্ত শেষে নিহত কৃষক লাল মিয়াকে দাফন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনাটি তদন্তের জন্য পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার কাউলজানি ইউনিয়নের সুন্না গ্রামের কৃষক লাল মিয়াকে চার পুলিশ সদস্য পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ ঘটনায় দুই কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। রাতে জনতা বিক্ষোভ মিছিল থেকে হরতালের ডাক দেয়। হরতাল চলাকালে দুপুর ১২টায় বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কৃষক-শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, উপজেলা বিএনপি সভাপতি কাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল করিম অটল, শফিউল আরেফিন খান সুজন, বদিউজ্জামান খান বিদ্যুত, নিহত লাল মিয়ার মেয়ে নার্গিস আক্তার। সমাবেশে বক্তরা দেষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন। এদিকে বুধবার সকালে লাল মিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন নুর মোহাম্মদ। বাসাইল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, পুলিশের উপর হামলার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। গণপিটুনিতে আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুরুজ্জামানকে বুধবার সকালে টাঙ্গাইল জেলা সদর হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার বলেন, বাসাইলের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাযাতুল ইসলাম খানের নেতৃত্বে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত লাল মিয়া নিজের জমি ছাড়াও অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। তার চার মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০৫ ঘ.