২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ

সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিক্রম সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিক্রম সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভারতের সেনাপ্রধান মঙ্গলবার বিকালে চারদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। বিক্রম সিংয়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী সুরজিৎ কাউর ও ভারতীয় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। ভারতীয় সেনাপ্রধান বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন। পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। আবুল কালাম আজাদ বলেন, “সস্ত্রীক বাংলাদেশে সরকারি সফরে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সেনাপ্রধানকে ধন্যবাদ জানান।” দু’দেশের সম্পর্কের উন্নয়নে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য জেনারেল বিক্রম সিং প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন বলে জানান আবুল কালাম আজাদ। বৈঠকে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে মানবতাকে সাহায্যের জন্য দু’দেশের সেনাবাহিনীর জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের বহু সেনা কর্মকর্তা ও সৈনিক ওই যুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী তাদের এই আত্মদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী এ অঞ্চলে শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই অঞ্চলের মূল শত্রু দারিদ্র্য। তাই দারিদ্র্য দূরীকরণে একযোগে কাজ করতে হবে। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে মঙ্গলবার বিকালে ঢাকা পৌঁছান জেনারেল বিক্রম সিং ও তার সফরসঙ্গীরা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. আব্দুল ওয়াদুদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপ ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২০৪৪ ঘ.