২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওর দাবিতে শাহবাগের রাস্তায় শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পদযাত্রা রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশের বাধায় আটকে গেছে। তারা সেখানে অবস্থান নেয়ায় বন্ধ হয়ে গেছে শাহবাগ-প্রেসক্লাব যান চলাচল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পদযাত্রা রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশের বাধায় আটকে গেছে। তারা সেখানে অবস্থান নেয়ায় বন্ধ হয়ে গেছে শাহবাগ-প্রেসক্লাব যান চলাচল। ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যাপারে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বুধবার সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান ধর্মঘট শুরু করেন। এতে একপাশের রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। অবস্থান ধর্মঘটে অংশ নেয়া চাঁপাইনবাবগঞ্জের শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, “১২ বছর ধরে শিক্ষকতা করি। কিন্তু সরকারি কোনো সহযোগিতা পাই না। সংসার চালানো মুশকিল হয়ে গেছে। এ কারণে আমাদের আর কোনো উপায় নেই।” শিক্ষ করা পরে সেখান থেকে মিছিল নিয়ে পল্টন ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর তারা উল্টো দিকে ঘুরে স্মারকলিপি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। ঐক্যজোটের দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী বিকাল ৫টায় আমাদের প্রতিনিধি দলকে সময় দিয়েছেন। আমরা স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব।” কয়েকশ শিক্ষক-কর্মচারী এরপর মিছিল নিয়ে এগোলে শাহবাগ শিশুপার্কের সামনে আবারো পুলিশের বাধার মুখে পড়েন। তারা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সামনে এগোতে ব্যর্থ হয়ে আন্দোলনরত শিক্ষকরা শাহবাগের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে বেলা দেড়টার দিকে শাহবাগ থেকে প্রেসক্লাবের দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এমপিওভুক্তির দাবিতে গত সোমবার নতুন করে এ আন্দোলন শুরু করে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার তাদের ‘দাবি পূরণের চেষ্টার’ আশ্বাস দিয়ে মঙ্গলবার আন্দোলনরত শিক্ষকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান। সচিবালয়ে এক সভা শেষে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,“দাবি-দাওয়া পূরণে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। আপনারা আমাদের শিক্ষক, আমাদের মাথার মণি। আপনাদের জন্য আমরা ফাইট করছি। দয়া করে বাড়ি ফিরে যান।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমডি/জেকে/১৩৫৮ ঘ.