২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর দিনাজপুর কলেজে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

মধ্যরাতে ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষের জেরে দিনাজপুর সরকারি কলেজের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 07:20 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

দিনাজপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- মধ্যরাতে ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষের জেরে দিনাজপুর সরকারি কলেজের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিকাল ৩টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সকালে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে কলেজের অধ্যক্ষ আহমেদ হোসেন বলেন, “ক্লাস বন্ধ থাকলেও যথারীতি পরীক্ষা চলবে।” রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষের জেরে দিনাজপুর সরকারি কলেজে মধ্যরাতে সংঘর্ষ বাধে। পরে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কোতোয়ালি থানার ওসি আসলাম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। কলেজ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় বুধবার বেলা পৌনে ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি। কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রাজু দাবি করেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিবির কর্মীরা কলেজের অজয় ছাত্রাবাসে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে তাদের পাঁচ কর্মী আহত হন বলে দাবি করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার ছাত্র শিবিরের শহর শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম দাবি করেন, বিনা উষ্কানিতে পুলিশের উপস্থিতিতে শিবিরের ছাত্রবাসে ঘুমন্ত ছাত্রদের ওপর হামলা ও লুটপাট চালিয়েছে ছাত্রলীগ। হামলায় অন্তত ২৫ শিবিরকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। কলেজের শিক্ষার্থীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষের জেরে বিকেল থেকেই দিনাজপুর সরকারি কলেজে দুই সংগঠনের কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। রাত ১১টার দিকে দুপক্ষের সংঘর্ষ শুরু হলে কলেজ সংলগ্ন একটি মেসে ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৩১২ ঘ.