২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক নিরাপত্তায় নীতিমালা ও জবাবদিহিতার সুপারিশ

জাতীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনি প্রকল্পগুলোর নীতিমালা প্রণয়ন করে এগুলোর বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ করেছেন বক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 06:03 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনি প্রকল্পগুলোর নীতিমালা প্রণয়ন করে এগুলোর বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ করেছেন বক্তারা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তারা এই সুপারিশ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন সমুন্নয়’-এর উদ্যোগে ‘বাংলাদেশের জন্য জাতীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী নীতির একটি প্রস্তাবনা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন সংস্থার সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ। ইব্রাহিম খালেদ বলেন, “আমার জানামতে এ মুহূর্তে ১৫টি মন্ত্রণালয়ের অধীনে সামাজিক নিরাপত্তার ৮৬টি কর্মসূচি চালু আছে। কিন্তু এসব কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে নীতিমালা বলতে এখন সেরকম কিছু নেই। এই নীতিমালাটা প্রয়োজনীয় এবং এসব প্রকল্পের সংস্কার এবং আধুনিকায়নও দরকার।” সামাজিক নিরাপত্তা খাতে চলমান প্রকল্পগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মূল্যায়নের অভাব রয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি সংসদ সদস্য সিরাজুল হক। তিনি বলেন, “এই প্রকল্পগুলো বিভিন্ন মন্ত্রণালয় বাস্তবায়ন করে থাকে। কিন্তু মূল সমস্যা হচ্ছে, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মূল্যায়নের অভাব রয়েছে।” এসব প্রকল্প পরিচালনায় স্থানীয় প্রশাসনকে আরো শক্তিশালী করার পাশাপাশি প্রকল্পগুলোর মধ্যে সমন্বয়য়ের জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করেন এই সংসদ সদস্য। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সিনিয়র রিসার্চ ফেলো মাহফুজ কবীর। তিনি বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচি বাস্তবায়নের মূল চালিকাশক্তি। এজন্য একটি বহু সংস্থাভিত্তিক জবাবদিহিতার মডেল তৈরি করতে হবে, যাতে জাতীয় সংসদ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সকল প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, সরাসরি উপকারভোগী ও মন্ত্রণালয়সমূহ জবাবদিহি করতে বাধ্য থাকবে।” কর্মসূচিগুলোকে আরো কার্যকর করতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, “দেশে বর্তমান পরিস্থিতিতে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। এগুলো বাস্তবায়নের জন্য সঠিক পরামর্শ ও উদ্যোগের মারাত্মক অভাব রয়েছে।” সভায় আরো বক্তব্য রাখেন সংস্থার সমন্বয়কারী দিলরুবা ইয়াসমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোকাদ্দেম হোসেন ও মাহবুবা নাসরিন, সহকারী অধ্যাপক তাহসিনা আখতার এবং নির্বাচিত মহিলা সংসদ সদস্য আসমা জেরিন ঝুমু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/এইচএ/২৩৫৬ ঘ.