গাজীপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ ১৩ কর্মকর্তার দুর্নীতির মামলার নথি চেয়েছে দুদক।
এ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো চিঠিটি মঙ্গলবার কর্তৃপক্ষের হাতে এসেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ফাহিমা সুলতানা।
তিনি বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যলয়, ঢাকা-২ এর সহকারী পরিচালক মো. সামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে মামলা সংক্রান্ত সব নথি আগামী ১১ অক্টোবরের মধ্যে কমিশনে সরবরাহের কথা বলা হয়েছে।
অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে উপাচার্য কাজী শহীদুল্লাহ, উপ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী, ট্রেজারার কাজী ফারুক আহমেদসহ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে গত ২৯ জুন জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক।
সাংসদ সাংবাদিকদের বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24