২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে পোষাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় আড়াইঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় আড়াইঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বেনেটেক্স (হারভেস্ট রিচ) কারখানার প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক আউয়াব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। প্রায় আড়াইঘণ্টার বিক্ষোভের সময় মহাসড়কের প্রায় আট কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় বলে জানায় পুলিশ। শ্রমিক নাছিমা আক্তার, রহিমা খাতুন, শফিকুল ইসলাম ও আলেয়া আক্তার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার তিন মাসের বকেয়া বেতন-ভাতা দেয়ার কথা ছিল। এরমধ্যে গত ঈদ বোনাসও আছে। এ বেতন-বোনাস নিয়ে কর্তৃপক্ষ শ্রমিকদের অনেকবার ঘুরিয়েছে। মঙ্গলবার তারা আবার ৫ অক্টোবর বেতন দেওয়া হবে জানালে শ্রমিকরা সকাল সোয়া ১১টায় কারখানা ছেড়ে মহাসড়কে অবস্থান নেয় বলে জানান শ্রমিকরা। শ্রমিক জুলহাস, আজিজুল হক ও মোসলেমা আক্তার দাবি করেন, তাদের তিন মাসের বেতন বকেয়া থাকলেও বাড়ির মালিকরা তা মানতে রাজি নয়। ইতোমধ্যে অনেক শ্রমিককে বাসা থেকে বাড়ির মালিক বের করে দিয়েছে। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান ও শিল্প পুলিশের কর্মকর্তা আবদুল আজিজ বলেন, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে প্রায় আড়াইঘণ্টা পর মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। কারখানার সমানে পুলিশ, শিল্প পুলিশ ও আমর্ড পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। বেনেটেক্স গার্মেন্টসের ব্যবস্থাপক রতন মিয়া সাংবাদিকদের বলেন, ব্যাংকে টাকা না থাকায় বেতন-ভাতা পরিশোধে বিলম্ব হচ্ছে। তবে ৫ অক্টোবরের মধ্যেই শ্রমিকদের বকেয়া বেতন দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪০ ঘ.