শেরপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদরের সাতটি ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
কৃষি বিভাগের হিসাব অনুয়ায়ী এসব এলাকার ছয় হাজার হেক্টর জমির রোপা আমন ধান এবং এক হাজার ৩৩২ হেক্টর জমির সবজি পানিতে তলিয়ে গেছে।
এছাড়া প্রায় দেড় শতাধিক গ্রামের কয়েকহাজার পরিবার পানিবন্দি হয়েছে।
সদর উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরপুর-জামালপুর সড়কের পোড়া দোকান এলাকায় কজওয়ে দিয়ে প্রবলবেগে বন্যার পানি প্রবাহিত হওয়ায় ঝুঁকি নিয়ে অল্প সংখ্যক পণ্যবাহী ট্রাক চলছে।
পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরনো ভাঙা অংশ দিয়ে প্রবলবেগে পানি নিম্নাঞ্চলে নেমে আসা অব্যাহত রয়েছে।
চেয়ারম্যান আরো বলেন, গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষজন কলার ভেলা, ডিঙি নৌকা এবং স্যালো ইঞ্জিনচালিত নৌকায় যাতায়াত করছে। চরাঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত সাড়ে ৭শ’ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24