২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিনে ৩৩ টন ইলিশ জব্দ

ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধের প্রথম সাত দিনে সারা দেশে প্রায় ৩৩ মেট্রিক টন ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধের প্রথম সাত দিনে সারা দেশে প্রায় ৩৩ মেট্রিক টন ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ সময়ে ৬৩ লাখ ৯২ হাজার মিটার জাল আটক করা হয় বলে মঙ্গলবার মৎস্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্যোগে উপকূলীয় নদ-নদী, মোহনা, মাছের বাজার ও আড়তে ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মাছ ও জাল জব্দ করা হয়। নৌবাহিনী, উপকূলরক্ষা বাহিনী (কোস্টগার্ড), পুলিশ ও র‌্যাবেরর সহযোগিতা নিয়ে এসব অভিযান চালানো হয়। গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমের প্রথম সাত দিনে ঢাকাসহ সারা দেশে ৬৫৭টি ভ্রাম্যমাণ আদালত এবং দুই হাজার ৯০৬টি ঝটিকা অভিযান পরিচালনা করা হয় বলে মৎস্য অধিদপ্তর জানায়। এতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩৪৬টি মামলা দায়ের করে ৫১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা আদায় করা হয় নয় লাখ ৩৮ হাজার টাকা। এ সময়ে জব্দ করা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা, শিশুসদন ও মাদ্রাসায় বিতরণ করা হয়। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় এ বছর ২৫ সেপ্টেম্বর থেকে ০৫ অক্টোবর পর্যন্ত মোট ১১ দিন উপকূলীয় ইলিশ প্রজনন এলাকাসহ সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/১৮৩৯ ঘ.