মাগুরা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরে মানববন্ধন করে সংগঠনটির মাগুরা সংসদ।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় র্ধর্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। পরদিন উখিয়া, টেকনাফ উপজেলা ও চট্টগ্রামের পটিয়ায় একই ধরনের হামলা চালানো হয়।
মানববন্ধন শেষে জেলা উদীচীর সহ-সভাপতি লিপিকা দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আবুল কালাম আজাদ, এটিএম আনিসুর রহমান, বিশ্বজিৎ চক্রবর্তী।
বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের বাড়ি ও বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগ ও ভাংচুরের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫৩০ ঘ.
bdnews24